চাঁদপুরে দলবদ্ধ ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, আটক ৩

আপডেট : ১১ মে ২০১৯, ০২:০১ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে হাজীগঞ্জ ও চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হাজীগঞ্জ উপজেলার ডাটরা শিবপুর গ্রামের মো. ইমরান হোসেন, একই গ্রামের মো. আরফিন এবং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য অহিদুর ইসলাম।

এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে শুক্রবার রাতে ৬ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে।

মামলায় অভিযুক্তরা হলেন: মো. রাব্বি (১৮), মো. মেহরাজ (২০), মো. এমরান হোসেন (১৯), মো. আরফিন (২০), অহিদুল ইসলাম (৬০) ও মোস্তফা কামাল (৬৫)। এদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর এলাকায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার শিকার তরুণীকে শুক্রবার রাতে তার নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার ডাটরা শিবপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

ওসি বলেন, “এই ঘটনায় ৯ মাসের অন্তঃসত্ত্বা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরী জানান, বিভিন্ন সময় নানা প্রলোভনে ফেলে পালাক্রমে তাকে ধর্ষণ করে একই বাড়ির চার যুবক। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য ও অন্য আরেকজন আর্থিক সুবিধা নিয়ে ধামাচাপার চেষ্টা করে।

এমন পরিস্থিতিতে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে শুক্রবার রাতে কিশোরী হাজীগঞ্জ থানায় অভিযুক্ত চার যুবক এবং স্থানীয় ইউপি সদস্যসহ আরও একজনের বিরুদ্ধে মামলা করেন।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুই ধর্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত