সেই ক্যারিবীয়দের সামনেই অন্য আয়ারল্যান্ড

আপডেট : ১১ মে ২০১৯, ০৮:৫৭ পিএম

অ্যান্ডি বালবার্নি ১৩৫ রানের ইনিংস খেললেন। ফিফটি পেরোনো স্কোর এল পল স্টার্লিং (৭৭) ও কেভিন ও’ব্রায়েনের (৬৩) ব্যাট থেকে। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে পাহাড় রানের লক্ষ্য দাঁড় করাল স্বাগতিক আয়ারল্যান্ড।

শনিবার ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৮ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। ডাবলিনে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় স্বাগতিকেরা। মাত্র ৫ উইকেটে হারিয়ে ৩২৭ রানের পুঁজি গড়ে দলটি।

অথচ সিরিজের প্রথম ম্যাচে এই আইরিশদের নিয়েই একরকম ছেলেখেলা করেছিল উইন্ডিজ। আগে ব্যাটিং করে ৩ উইকেটে ৩৮১ রান করেছিল ক্যারিবীয়রা। দুই ওপেনার শাই হোপ ও জন ক্যাম্পবেল উদ্বোধনী জুটিতে ৩৬৫ রান যোগ করে গড়েছিলেন নতুন বিশ্ব রেকর্ড। ম্যাচটা ১৯৬ রানে হারে আইরিশরা।

এরপর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ২ পয়েন্ট পায় আয়ারল্যান্ড। এ ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর দাবি জানিয়ে রাখল আইরিশরা। যদিও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এখনো বাকি।

এদিন মাত্র ১৯ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। তবে দ্বিতীয় উইকেটে স্টার্লিং ও বালবার্নি ১৪৬ রান যোগ করেন। ও’ব্রায়েন পাঁচ নম্বরে নেমে খেলেছেন ঝোড়ো ইনিংস। মার্ক অ্যাডায়ারের খেলেছেন অপরাজিত ২৫ রানের ইনিংস।

বালবার্নি ১২৪ বালে ৪ ছক্কা ও ১১ চারে নিজের ইনিংস সাজান। ওয়ানডে ক্যারিয়ারে পেয়েছেন নিজের চতুর্থ ফিফটি। স্টার্লিং ৯৮ বলের ইনিংসে খেলেছেন ৮ চার ও ২ ছক্কা। ও’ব্রায়েন ৪০ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত