ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে এটি চেন্নাইয়ের অষ্টম ফাইনাল। আর মুম্বাইয়ের পঞ্চম। দুদলই এর আগে শিরোপা জিতেছে তিনবার করে। তাই বলাই যায় এবারের ফাইনাল লড়াইটা হবে বেশ উপভোগ্য। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
আইপিএল ফাইনালে খেলাটা রুটিন বানিয়ে ফেলেছে চেন্নাই। সবচেয়ে বেশিবার শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার রেকর্ড আগেই ছিল তাদের। এবার ফাইনালে উঠে সে সংখ্যা আরও বাড়াল। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে উঠেছে চেন্নাই। আর মুম্বাই প্রথম কোয়ালিফায়ারে এই চেন্নাইকে হারিয়ে উঠেছে ফাইনালে। চেন্নাই-মুম্বাই ফাইনালে এর আগে মুখোমুখি হয়েছে তিনবার। এবার চতুর্থবার শিরোপা নির্ধারণী মঞ্চে লড়বে দল দুটি।
আগের সাত ফাইনালে মাত্র তিনবার ২০১০, ২০১১ ও ২০১৮ শিরোপা জেতার উল্লাস করেছে চেন্নাই। বাকি চারবার রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর মুম্বাই ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালের শিরোপা জেতে। ২০১০ সালে হয় রানার্সআপ। ফাইনালে আগের তিন বারের দেখায় দুইবার জয়ী হয়েছে মুম্বাই। সবশেষ ২০১৫ ও ২০১৩ ফাইনালে জয়ী মুম্বাই। আর ২০১০ সালে জিতেছিল চেন্নাই। আইপিএলে এটা ১২তম মৌসুম হলেও চেন্নাই খেলেছে ১০ আসরে। দুর্নীতির দায়ে ২০১৬ ও ২০১৭ আসরে নিষিদ্ধ ছিল তারা।
