বাংলাদেশি ছাত্রের যুক্তরাষ্ট্রের জেফারসন স্কলারশিপ লাভ

আপডেট : ১২ মে ২০১৯, ০৪:৪৩ পিএম

বাংলাদেশি স্কুলছাত্র শাফকাত ওয়াহিদ প্রিতম যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রতিযোগিতামূলক মেধাবৃত্তির অন্যতম জেফারসন স্কলারশিপ লাভ করেছেন।

ফলে সে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার জেফারসন স্কলার্স ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে বাছাই করে প্রিতমসহ ৩৮ জনকে এ বৃত্তির জন্য মনোনীত করেছে।

প্রবল প্রতিযোগিতা ও নানা স্তরের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।  প্রাথমিকভাবে এ স্কলারশিপের জন্য সারা বিশ্ব থেকে দু হাজারেরও অধিক জনকে মনোনয়ন দেওয়া হয়।

তাদের ১১৮ জনকে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে চার দিনের প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও শিক্ষকদের সামনে সাক্ষাৎকার প্রদানের পাশাপাশি নানা সেমিনার, আলোচনা সভা এবং রচনা লেখা ও গণিত পরীক্ষায় অংশ নেয়।

এ স্কলারশিপের ফলে শাফকাত চার বছরের জন্য ভার্জিনিয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনার পূর্ণ খরচ লাভের পাশাপাশি বিভিন্ন দেশ সফর, ক্যারিয়ার নেটওয়ার্কে অংশ নেয়া এবং ফাউন্ডেশনের নানা আয়োজনে যোগ দেওয়ার সুযোগ লাভ করবে। 

বাংলাদেশের স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার সময় শাফকাত স্কলাস্টিকা ইয়ং এন্টারপ্রেনার্স অ্যান্ড ইকোনমিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে।

এ ছাড়া সে স্কলাস্টিকা ম্যাগাজিন ক্লাব ‘স্টালিয়ন’ এর প্রধান সম্পাদক ও ডিবেটিং সোসাইটির সহপ্রতিষ্ঠাতা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত