মা দিবসে অন্য সবার মতো বাংলাদেশ ক্রিকেট দলের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন বার্তা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মায়েদের পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন টাইমলাইন জুড়ে ছিল শুধুই ‘মা’।
সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মা দিবস নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। মা লেখা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘‘আমাদের সবার পরিবারের সব দিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়। যত্ন ও ভালোবাসার সাথে সংসারে সচ্ছলতা আনায় তাদের অবদানও অপরিসীম। পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।’’
তামিম ইকবাল তার মা’র সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘সকল মা’য়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’’
মোস্তাফিজুর রহমান লিখেছেন ‘‘আমার সকল সাফল্যের পেছনে রয়েছে তোমার অনুপ্রেরণা। তুমি না থাকলে আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম না। ভালোবাসি তোমায় মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’’
মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘‘বিশ্বের সব মাকে মা দিবসের শুভেচ্ছা। অনুগ্রহ করে সবাই মায়ের মুখের হাসির জন্য কিছু করবেন।’’
মুশফিক তার স্ত্রী, মা ও শাশুড়ির ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, ‘‘বিশ্বের সব মাকে মা দিবসের শুভেচ্ছা জানাই। বিশেষ করে এই ছবির তিনজনকে। আপনারা সবাই আশ্চর্যজনক, সুন্দর এবং পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ।’’
সৌম্য সরকার নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘ভালোবাসা এবং সম্মান সকল মাকে। প্রতিটি দিনই মা দিবস। তবে আজ তাদের ভালোবাসা এবং যত্নের আলাদা একটি বিশেষ দিন। শুভ মা দিবস।’’
