পবিত্র ঈদুল ফিতর ও আসন্ন বুদ্ধপূর্ণিমা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন বলেছেন, মসজিদ, মন্দির বা গির্জায় ব্যাগ নিয়ে আসা কাউকে সন্দেহজনক মনে হলেই পুলিশকে খবর দেবেন। নিরাপত্তার স্বার্থে সম্ভাব্য বিভিন্ন মোড়ে সিসি ক্যামেরা বসানো হবে। নিজ নিজ উপজেলায় ইউএনওদের সজাগ থাকতে হবে। কোনো জঙ্গি, সন্ত্রাসী মহলকে চট্টগ্রামে আসার সুযোগ দেওয়া যাবে না। গতকাল রবিবার চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসি ইলিয়াস হোসেন আরও বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। যারা ক্রেতাদের কাছ থেকে নিত্যপণ্যের দাম বেশি নিচ্ছেন, তাদের জেলা-জরিমানা দেওয়া হচ্ছে। কেউ যাতে সড়কে কোনো হাট-বাজার বসিয়ে যানজটের সৃষ্টি করতে না পারে, সেই দিকেও লক্ষ্য রাখার নির্দেশনা দেওয়া হয়।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বলেছেন, পুলিশ সদস্যরা সবসময় ইউনিফর্ম পরিহিত অবস্থায় দায়িত্বে থাকবে। সাদা পোশাকে পুলিশ কাউকে তল্লাশি করবে না। কেউ যদি পুলিশ বা ডিবি পরিচয়ে তল্লাশি করতে চায়, তা হলে আগে পরিচয় নিশ্চিত হবেন। বিভিন্ন বাসস্ট্যান্ড, বড় বাজারগুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের ধরতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
