নিজেদের দুটি তেলবাহী ট্যাংকার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ‘নাশকতামূলক হামলা’র শিকার হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। দেশটির এমন দাবি ইরান আক্রমণের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহর বরাত দিয়ে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ফুজাইরাহ উপকূলে ট্যাংকার দুটির ওপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, দুই ট্যাংকারের একটি তেল নিতে সৌদি আরবে আসার পথে ছিল। ‘সৌদি আরমকো’র কাস্টমারের তেল নিয়ে ওই ট্যাংকারের পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল।
আল-ফালিহ আরও বলেন, “সৌভাগ্যক্রমে হামলায় কোনো হতাহত এবং তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। অবশ্য এতে দুটি ট্যাংকারই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এমন সময় সৌদি জ্বালানিমন্ত্রী এ দাবি করলেন যখন নাবিকদের হামলার বিষয়ে নতুন করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্র আমিরাতের ফুজাইরাহ উপকূলে চারটি জাহাজে নাশকতামূলক হামলার নিন্দা জানিয়েছে দেশটি।
এর আগে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী রোববার দাবি করেছেন, দেশটির জলসীমায় চারটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরান থেকে ১১৫ কিলোমিটার দূরে বিদেশি বেসামরিক জাহাজে এসব হামলা হয়। স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছে আমিরাত।
এদিকে ইরানকে ইঙ্গিত করে যখন এসব হামলার দাবি করা হচ্ছে, তখন ইরানের কথিত হুমকির জবাবে মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু কর্মসূচি ঘিরে অবরোধ আরোপ নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দেশটিতে হামলার তোড়জোড় করছে ইসরায়েল। এজন্য সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর ‘গ্রিন সিগন্যাল’ আদায় করে নিয়েছে ইহুদিবাদী দেশটি।
