হুমকি পাওয়ার অভিযোগ করে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চবি প্রশাসন।
সোমবার সকালে হুমকির ঘটনা তদন্তের দাবিতে ও নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে আবেদন করেন শিক্ষক মাইদুল।
এ বিষয়ে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘কে বা কারা মাইদুলকে হুমকি দিয়েছে-- এমন অভিযোগ দিয়ে তিনি নিরাপত্তা চেয়েছেন। উপাচার্য মহোদয়ের আদেশক্রমে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব কমিটির আহ্বায়ক। সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দিন আহমদ।
মাইদুল ইসলামের অভিযোগ, গত রোববার রাত আনুমানিক আটটার দিকে ১০-১৫ জনের একটা দল তাকে অকথ্য গালাগাল করে হুমকি দেয়। এ নিয়ে তিনি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জড়িতদের শাস্তির দাবি জানান। এসব বিষয়ে কথা বলতে মাইদুল ইসলামের ফোনে বেশ কয়েকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
