আইপিএলের ফাইনালে রান আউটে কাটা পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রিয় ক্রিকেটারের এমন আউট মেনে নিতে না পেরে অঝোরে কাঁদল এক শিশু। যে কান্নার ভিডিও নেট দুনিয়ায় এখন ভাইরাল।
রোববার আইপিএল ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে মাত্র ১ রান হেরে যায় ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ১৫০ রান তাড়া করতে নামা চেন্নাইয়ের ব্যাটিংটা মনের মতো হয়নি এদিন। একমাত্র শেন ওয়াটসন ছিলেন ব্যতিক্রম। ধোনিও দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি।
থিতু হওয়ার আগেই ‘ক্যাপ্টেন কুল’ ফিরে যান রান আউট হয়ে। দ্রুত রান নিতে চেয়েছিলেন ধোনি। তবে ইশান কিশান সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন। টিভি আম্পায়ার নাইজেল লং বিভিন্ন প্রান্ত থেকে রিপ্লে দেখে জানিয়ে দেন ধোনি আউট।
ধোনির রান আউটের সেই সিদ্ধান্তটি কঠিনই ছিল। খালি চোখে দেখে বোঝার উপায় নেই ওটা আউট। ধোনির ব্যাট যে পপিং ক্রিস স্পর্শ করেছে বলেই মনে হচ্ছিল।
প্রিয় ক্রিকেটারের এমন আউট মেনে নিতে পারেনি সেই শিশু ভক্তটি। বাড়িতে বসেই টিভিতে খেলা দেখছিল সে। ধোনিকে আউট হতে দেখে কান্না লুকাতে পারেনি।
অঝোরে কান্না করতে থাকা শিশুটিতে তার মা বোঝাচ্ছিলেন। বলছিলেন, ‘ম্যাচ ফিক্সিং…।’
