বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তিনি (খালেদা জিয়া) রোজা রাখছেন।
চিকিৎসকরা ছাড়পত্র দিলেই বিএনপি চেয়ারপারসনকে কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রমজান মাসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, “আমি যতটুকু জানি, উনি রোজা রাখছেন। ব্লাড প্রেশার, ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এখন উনার (খালেদা জিয়ার) শরীর মোটামুটি ভালো আছে- আমরা যেটুকু খবর পেয়েছি। উনি আগের চেয়ে অনেক সুস্থ।”
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন এখন চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রয়েছেন।
গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরোনো কারাগারে বন্দী থাকার পর গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
