নেতার ওপর হামলার জের

ভোমরা স্থলবন্দরে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা

আপডেট : ১৪ মে ২০১৯, ১০:০২ পিএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শ্রমিকনেতাকে মারপিটের ঘটনায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে কাজে নামেননি শ্রমিকরা। তারা বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে তারা কাজ বন্ধ করে দিয়েছেন।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলীর ওপর বহিরাগতদের দুই দফা হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। হামলার বিচার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

তিনি আরও বলেন, ভোমরা ট্রাক টার্মিনালে গাড়ি পার্কিং এবং চাঁদাবাজি করছিল শাওন নামে এক যুবক ও তার সঙ্গীরা। এর প্রতিবাদ করায় শাওন তার লোকজন নিয়ে গত রবিবার হামলা করে এরশাদ আলীর ওপর। এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা করে ফেরার পথে গত সোমবার রাতে এরশাদের ওপর আবারও হামলা করে সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় আরিফ ও জুয়েল নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে এ হামলার প্রতিবাদে শ্রমিকরা ভারতীয় ট্রাক থেকে আমদানি পণ্য খালাস করা বন্ধ করে দিয়েছেন। পণ্য খালাস না হওয়ায় বিপুলসংখ্যক ভারতীয় ট্রাক ভোমরা ও ঘোজাডাঙ্গা বন্দর সীমান্তে অপেক্ষায় রয়েছে। অপরদিকে আমদানি পণ্য বহনের জন্য বাংলাদেশি ট্রাকগুলোও দাঁড়িয়ে রয়েছে। এতে বন্দরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক রেজাউল করিম বলেন, ‘শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলার ঘটনায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বলে আমরা জানতে পেরেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত