পোষা কুকুরের নাম রাখার অপরাধে চীনের পূর্বাঞ্চলে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের বান পদবীর ৩০ বছর বয়সি একজন কুকুর প্রজননকারীকে সোমবার স্থানীয় পুলিশ ডেকে নিয়ে যায়। মোবাইল ম্যাসেঞ্জার উইচ্যাটে পোস্ট করা একটি ছবিতে ওই লোকটির দুটি কুকুরের ছবি দেখা গেছে। নতুন এই কুকুর দুটির নাম ছেংগুয়ান এবং শিয়েগুয়ান বলে জানা যায়। এই ঘটনার পরেই পুলিশ লোকটিকে ডেকে পাঠায়।
মূলত কুকুর দুটির নামই বিতর্কের সৃষ্টি করে। কারণ চীনের সরকারি এবং বেসরকারি কর্মকর্তাদের জন্য এই একই নামে দুটি পদ রয়েছে। শহুরে এলাকায় ছোটখাট অপরাধ দমনে যেসব কর্মকর্তা নিয়োজিত থাকেন তাদের ছেংগুয়ান বলা হয়।
এদিকে ট্রাফিকের সহকারী হিসেবে যারা কাজ করেন তাদের শিয়েগুয়ান বলা হয়।
বান মজা করে কুকুর দুটির এই নাম রেখেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টির কৌতুকের দিকটি বুঝতে ব্যর্থ হয়েছেন। ফলে তাকে আটক করা হয়েছে।
ইয়িংঝু পুলিশ জানায়, তারা এই বিষয়টি তদন্ত করে দেখেছে। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের অপমান করায় তার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। চীনের আইন অনুযায়ী, শিয়াংইয়াং শহরের প্রশাসনিক আটক কেন্দ্রে তাকে ১০ দিন কাটাতে হবে।
কুকুরের মালিক বান জানান, তিনি এই ঘটনার জন্য অনুতপ্ত। তিনি বলেন, ‘আমি এই আইনের ব্যাপারে জানতাম না। এধরনের নাম রাখা যে অবৈধ তাও জানতাম না।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। একজন লিখেছেন, এমন কোন আইন রয়েছে যার কারণে একটি কুকুরের নাম ছেংগুয়ান রাখা যেতে পারে না?
খবর: বেইজিং নিউজ
