শক্তিশালী ভূমিকম্পের পর পাপুয়া নিউ গিনিতে সুনামি সতর্কতা জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। মঙ্গলবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫।
পাপুয়া নিউ গিনির কোকোপো থেকে ৪৪ কিলোমিটার উত্তর পশ্চিমে কম্পন সৃষ্টি হয় বলে মার্কিন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের তীব্রতার কারণে পাপুয়া নিউ গিনির উপকূলবর্তী অঞ্চলে সুনামি আছড়ে পড়ার আশঙ্কা করছে সুনামি সতর্কতা কেন্দ্র। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সে দেশের সরকারকে সতর্ক করেছে তারা।
গত বছরের ফেব্রুয়ারিতে পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যার জেরে প্রাণ হারান দেড় শতাধিক মানুষ। ঘরছাড়া হন আরও ৩৫ হাজার।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ক্রিস মিক এএফপিকে বলেন, কোকোপো এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বৈদ্যুতিক সংযোগ।
