বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা-সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন, স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত’।
‘এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা থেকে বিরত থাকতে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।
সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্ত প্রত্যাহার করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে অনুরোধ জানিয়েছে আইন, আদালত ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি শওকত হোসেন হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে এ অনুরোধ জানান।
