বিজেপি ছাড়া কংগ্রেসের বাইরের প্রধানমন্ত্রীতে আপত্তি নেই, জানালেন কংগ্রেস নেতা

আপডেট : ১৭ মে ২০১৯, ০১:০৪ এএম

ভারতের লোকসভা নির্বাচনের ছয় দফার ভোটগ্রহণের পর এবার অপেক্ষা শেষ দফার। এরপরই ২৩ মে ভোটগণনা। ভোট পরবর্তী সরকার গঠনের চাবিকাঠি আঞ্চলিক দলগুলির হাতেই থাকবে বলে পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে।

এরমধ্যেই প্রশ্ন একটাই- নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যদি ক্ষমতা দখল করতে না পারে, তবে কে হবেন প্রধানমন্ত্রী?  

এই প্রসঙ্গেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাব নবি আজাদ বলেন, ‘কংগ্রেসের কেউ প্রধানমন্ত্রী না হলে, অন্য কাউকে হতে দেওয়া হবে না- এমন নয়। আমাদের (কংগ্রেস) কাছে ওটা এখন ইস্যু নয়।’

রাজ্যসভার বিরোধী দলনেতা নবি আজাদের মতে, এখন ইস্যু একটাই। বিজেপি-এনডিএকে ক্ষমতা থেকে সরাতে হবে। নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না। নির্বাচনের শেষ দফায় রয়েছি আমরা। দেশে প্রচারের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিজেপি ক্ষমতায় আসছে না।

গুলাম নবি আজাদের দাবি, ২০১৪-র নির্বাচনের মতো ২৮২টি আসন নয়, এবার ১২৫টির বেশি পাবে না বিজেপি।

উল্লেখ্য, চলতি লোকসভায় আঞ্চলিক দলগুলির গুরুত্ব নিয়ে একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোট-পরবর্তী পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতীর মতো নেতৃত্বের প্রভাব অস্বীকার করছেন না তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত