গত ১১ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাত দফা ভোটগ্রহণের শেষ পর্ব ১৯ মে। এরপর ২৩ মে ঘোষণা হবে ফলাফল। এই নির্বাচনে রাজনীতিকদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছেছে। রেহাই পাননি মহাত্মা গান্ধীর মতো অবিসংবাদিত নেতাও।
ভারতের স্বাধীনতার পর মহাত্মা গান্ধীকে হত্যাকারী নাথুরাম গডসে প্রথম হিন্দু ‘জঙ্গি’ বলে সম্বোধন করেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান।
এরই জবাবে বিজেপির হিন্দুত্বের মুখ প্রজ্ঞা ঠাকুর বলেছেন, নাথুরাম গডসে একজন আদর্শ দেশপ্রেমিক। যারা তাকে জঙ্গি বলে সম্বোধন করছে, এবারের নির্বাচনেই তার জবাব পাবে।
গত ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। মধ্য প্রদেশের ভোপাল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন তিনি।
জিনিউজ জানায়, ২০০৮ সালের বিস্ফোরণের পর প্রজ্ঞা হিন্দু সন্ত্রাসের মুখ বলে পরিচিত হয়ে যান রাজনৈতিক মহলের একাংশের কাছে।
উল্লেখ্য, ভোটের মাঠে নেমে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন প্রজ্ঞা। ২৬/১১ মুম্বাই হামলায় নিহত পুলিশ অফিসার হেমন্ত কারকারে তার অভিশাপেই মারা যান বলে দাবি করেন প্রজ্ঞা।
কারকারের নির্দেশেই মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞাকে নির্মম অত্যাচার করা হয় বলে অভিযোগ। এরপরই তিনি অভিশাপ দিয়ে কারকারে মৃত্যু কামনা করেন বলে জানান প্রজ্ঞা।
