সম্ভাব্য ইরান হামলা ইস্যুতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসি ও আরব লীগের জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব।
শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি-এসপিএ একথা জানায়।
বাদশাহ সালমান এই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ‘আগ্রাসন ও তার পরিণাম’ সম্পর্কে আলোচনার জন্য ৩০ মে মক্কায় দুটি জরুরি বৈঠক ডেকেছেন।
এ বৈঠকে যোগ দেওয়ার জন্য উপসাগরীয় ও আরব দেশগুলোর নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ইরানের কথিত হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী যুদ্ধজাহাজ এবং বোমারু বিমান মোতায়েন করায় অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এদিকে রোববার ফুজাইরাহ উপকূলে রহস্যজনক নাশকতায় সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারসহ চারটি জাহাজের ক্ষতি হয়েছে।
এ ঘটনার পর মঙ্গলবার সৌদি আরবের একটি প্রধান তেলের পাইপলাইনে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়।
এসব ঘটনার প্রেক্ষিতে ইরানকে ‘সর্বশক্তি দিয়ে’ জবাব দেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব।
