চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

আপডেট : ২০ মে ২০১৯, ০৯:২৪ এএম

নগরীর পলোগ্রাউন্ড এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. মনসুর (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মনসুর ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে কোতোয়ালী থানাধীন টাইগার পাস পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন জানান, পলোগ্রাউন্ড এলাকায় কিছু ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

গোলাগুলি থামলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনসুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও ছিনতাইকারীদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

তার দাবি, ছিনতাইকারীদের গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্য ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বন্দুকযুদ্ধে নিহত মনসুরের বিরুদ্ধে ছিনতাইসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত