একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিষয়টি তিনি নিজেই দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম পেয়েছি। জমা দিতে দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে যাব।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। সে হিসেবে আজই বিএনপির প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে হবে।
ব্যারিস্টার রুমিন ফারহানা টিভি টকশোতে দলের পক্ষে ভালো ভূমিকা রাখেন। পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও দৌড়ঝাঁপ করেন। তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের অনেকের প্রিয়মুখ তিনি।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, বিএনপি সংরক্ষিত নারী আসনে একটি আসন পাবে। সে আসনে তফসিল অনুযায়ী ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন।
সাধারণত দলগুলো নারী আসনে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় প্রার্থীদের।
