মধুর ক্যানটিনে সংঘর্ষ: ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

আপডেট : ২০ মে ২০১৯, ১০:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দিন সন্ধ্যায় পদবঞ্চিতদের ওপর মধুর ক্যানটিনে হামলা চালায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতাকর্মীরা। 

ওই ঘটনায় সোমবার রাতে পাঁচজনকে বহিষ্কার করেছে সংগঠনটি।

তাদের মধ্যে একজনকে স্থায়ী ও বাকি চারজনকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশের সিদ্ধান্ত হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

গত সোমবার ইফতার পরবর্তী সময়ে মধুর ক্যান্টিনে সংঘর্ষের ঘটনায় ওইদিনই গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কৃত হয়েছেন জিয়া হল শাখা ছাত্রলীগের কর্মী সালমান সাদিক।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কোনো সময়সীমার উল্লেখ না করে সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে- গাজী মুরসালিন অনু (সাধারণ সম্পাদক, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগ), সাজ্জাদুল কবির (কর্মী, জিয়া হল ছাত্রলীগ), জারিন দিয়া (সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ) এবং কাজী সিয়ামকে (সদস্য, জিয়া হল ছাত্রলীগ)।

এছাড়া, একই বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি বি.এম লিপি আক্তার এবং জিয়া হল শাখা ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান শান্তকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সম্মেলনের প্রায় এক বছর পর গত সোমবার বিকেলে ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ওইদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে পদবঞ্চিতরা সংবাদ সম্মেলন করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে আহত হন বেশ কয়েকজন।

তবে শনিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিজেদের মধ্যে আলোচনার সময় আবারো হামলা এবং মারধরের শিকার হন বিক্ষুদ্ধ অংশের নেতাকর্মীরা। 

এরপর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। 

পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। 

তবে এই ঘটনায় এখনো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত