বন্ধ গাড়ির ভেতরে দম বন্ধ হয়ে প্রাণ গেল আট বছর বয়সী এক শিশুর। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার দুপুরে বিশাখাপত্তনম সিন্ডিয়ার নেভি কোয়ার্টারে পার্কিংয়ে রাখা গাড়িতে মারা যায় ওই শিশু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলেটির বাবা এক সামরিক কর্মকর্তার বাড়িতে কাজ করেন। মালিকের গাড়ি পরিষ্কার করতে করতে তার আট বছরের পুত্রও গাড়িতে উঠে পড়ে। সে সময়েই তিনি খেয়াল না করে গাড়ির দরজা বন্ধ করে চলে আসেন।
দীর্ঘক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় ছেলেটির। পরে তার বাবার খেয়াল হয় যে, তার ছেলে গাড়িতে। দ্রুত গাড়ির দিকে ছুটে গিয়ে দেখেন, ব্যাকসিটে পড়ে আছে ছেলের মৃতদেহ। বন্ধ গাড়িতে দম বন্ধ হয়ে মারা গেছে।
