মানুষ যেখানে একবার এভারেস্টের চূড়ায় উঠতেই হিমশিম খায়, সেখানে কামি রিতা শেরপা ২৪ বার উঠলেন এভারেস্টের চূড়ায়। শুধু তাই নয়, মাত্র এক সপ্তাহের মধ্যে নিজের রেকর্ড ভাঙলেন নেপালের এই পর্বতারোহী। পঞ্চাশ বছর বয়সে বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট মোট ২৪ বার জয় করে নতুন রেকর্ড গড়লেন তিনি।
মঙ্গলবার সকাল ৬.৩৮ মিনিটে আরও একবার এভারেস্ট শিখরে উঠলেন কামি রিতা শেরপা। এই নিয়ে তার এভারেস্ট জয়ের সংখ্যা দাঁড়াল চব্বিশে। এর আগে চলতি বছরের ১৯ মে তিনি এভারেস্ট জয় করেন।
শুধু মাউন্ট এভারেস্টই নয়, নেপালের এই অভিজ্ঞ পর্বতারোহী হিমালয়ের দুর্গম শিখরগুলির প্রায় প্রতিটিতেই অভিযান চালিয়ে সফল হয়েছেন কামি। তালিকায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা, চো-ওয়ু, লোহৎসে এবং অন্নপূর্ণার মতো বিশ্ববিখ্যাত শৃঙ্গরাজি।
উল্লেখ্য, ১৯৯৪ সালে জীবনে প্রথমবার এভারেস্টের চূড়ায় পৌঁছান কিমা রিতা শেরপা। এরপরে মাত্র ২৫ বছরে মোট ২৪ বার পৃথিবীর উচ্চতম শিখর জয় করেছেন এই পর্বতারোহী।
