লাওসের বিপক্ষে বাংলাদেশ দলে মামুনুল-সবুজ

আপডেট : ২৩ মে ২০১৯, ০৮:১৩ পিএম

লাওসের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স রাউন্ড-১ ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম ও ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ।

আগামী ৬ জুন লাওসের মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচটি। দ্বিতীয় লেগ ১১ জুন ঢাকায়। বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলে এটি প্রথম ধাপের ম্যাচ।

লাওসে যাওয়ার আগে অবশ্য থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচও। শুক্রবারই থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

তার আগে বৃহস্পতিবার বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল ২৩ সদস্যের ঘোষণা করেন বাংলাদেশ কোচ জেমি ডে। এদিন সকালেই ছুটি কাটিয়ে ইংল্যান্ড থেকে ফিরেছিলেন তিনি।

বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে কম্বোডিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সেই দলে ছিলেন না মামুনুল। তার আগে ছিলেন না বঙ্গবন্ধু গোল্ড কাপের দলেও। তবে এএফসি কাপের বাছাইয়ে আবাহনীর হয়ে দারুণ খেলে ফের জায়গা করে নিলেন জাতীয় দলে। বসুন্ধরা কিংসের অভিজ্ঞ তারকা সবুজের ওপরও আস্থা রেখেছেন জেমি ডে।

মামুনুল, সবুজ ছাড়াও দলে ফিরেছেন ইমন মাহমুদ বাবু, নাসির চৌধুরী ও মাজহারুল ইসলাম হিমেল। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ স্পোর্টিংয়ের রিয়াদুল হাসান রাফি ও আরামবাগের আরিফুর রহমান।

সর্বশেষ কম্বোডিয়ার বিপক্ষে খেলা ম্যাচ থেকে বাদ পড়েছেন ৬ ফুটবলার। এর মধ্যে তপু বর্মন, আতিকুর রহমান ফাহাদ ও গোলরক্ষক শহীদুল হক সোহেল বাদ পড়েছেন ইনজুরির কারণে। পারফরম্যান্সের জন্য জায়গা হয়নি সোহেল রানা, রুবেল মিয়া ও মনজুরুর রহমান মানিকের।

থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প শেষে ৩ জুন সেখান থেকেই লাওস যাবে বাংলাদেশ। এর আগে ২৮ মে ও ১ জুন থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মাজহারুল ইসলাম হিমেল।

ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান, বিপলু আহমেদ, রবিউল হাসান।

ফরোয়ার্ড: মতিন মিয়া, নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলাম সবুজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত