মধ্যপ্রাচ্যে আরও সেনা-অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ মে ২০১৯, ০৯:২০ এএম

ইরানের কথিত হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে আরও সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

তিনি বলেন, সেখানে ১৫০০ সেনা পাঠানো হচ্ছে। সেই সঙ্গে যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য অস্ত্রশস্ত্রও মোতায়েন করা হবে।

বিবিসি জানায়, শুক্রবার দিনের প্রথম ভাগে এই পদক্ষেপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সেনা মোতায়েন তুলনামূলকভাবে ‘স্বল্প’।

এ মাসে ওমান উপসাগরে কয়েকটি তেলের জাহাজে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা এজন্য ইরানকে দায়ী করে। তেহরান তা নাকচ করে দিয়ে বলেছে, হামলার অজুহাত দাঁড় করাতে ইসরায়েল এসব হামলা চালিয়েছে।

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই এলাকায় অতিরিক্ত সেনা চেয়ে কমান্ডারদের অনুরোধের তিনি অনুমোদন দিয়েছেন। ইরানি সেনাবাহিনী, আইআরজিসির অব্যাহত হুমকির মোকাবেলায় এই সেনারা একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

তিনি বলেন, প্রকৌশল দলের অংশ হিসাবে সেখানে অতিরিক্ত গোয়েন্দা ও নজরদারি সরঞ্জাম এবং বিমান মোতায়েন করা হবে। একটি ফাইটার এয়ারক্রাফট স্কোয়াড্রন ও প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমও পাঠানো হবে।

এর আগে শুক্রবার সকালের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘খুবই ছোট একটি বাহিনী’ সেখানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

যুদ্ধের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে আমার মনে হয় না যে, ইরান একটি যুদ্ধ চায়। আমি নিশ্চিতভাবেই মনে করি, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় না।”

ইতোমধ্যে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমও মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত