যুবকের পেটে মিলল চামচ-ছুরি-স্ক্রুড্রাইভার!

আপডেট : ২৫ মে ২০১৯, ১২:৫৬ পিএম

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক যুবক। এক্স-রে করার পর যা দেখে চোখ কপালে উঠার উপক্রম। ওই যুবক গিলে ফেলেছিলেন ছুরি, স্ক্রু-ড্রাইভার, চামচ এমনকি টুথব্রাশও। আর এই সমস্ত জিনিস তার পাকস্থলী থেকে বের করেছেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে।

সূত্রের খবর, পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের শ্রী লালবাহাদুর শাস্ত্রী নামে এক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি। এক্স-রে করে চিকিৎসকেরা জানতে পারেন পাকস্থলীর মধ্যে বেশ কিছু ধাতব বস্তু রয়েছে। যেগুলো তাড়াতাড়ি পাকস্থলী থেকে বের করে ফেলতে হবে। এরপর তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু, অস্ত্রোপচার করে এমন সব জিনিস উদ্ধার হল, যেগুলো দেখে তাজ্জব চিকিৎসকেরা।

ওই ব্যক্তির পাকস্থলী থেকে পাওয়া যায় ৮টি চামচ, ২টি স্ক্রুডাইভার, ২টি টুথব্রাশ ও একটি ছুরি। একজন সুস্থ মানুষের পক্ষে এগুলো খাওয়া একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

ওই হাসপাতালের চিকিৎসক নিখিল জানান, যুবককে সুস্থ করার জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। আপাতত অস্ত্রোপচার সফল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত