পটুয়াখালীর মির্জাগঞ্জে বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি কামাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, আসামি কামাল শেখ পটুয়াখালীর কুড়িপাইকা গ্রামে একটি টিউবয়েল বসানোর সেটে শ্রমিকের কাজ করছেÑ এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল শেখকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাক্প্রতিন্ধী মেয়েটির মা মারা যাওয়ার পরে বাবা মোশারফ আকন দ্বিতীয় বিয়ে করে উপজেলা সদরের সুবিদখালীতে বাসা ভাড়া নিয়ে থাকেন। গ্রামের বাড়িতে থেকে মেয়েটি অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করত। এ সুযোগে একই এলাকার কামাল শেখ মেয়েটিকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
