দশ গানে সোমেশ্বর অলির ঈদ

আপডেট : ২৬ মে ২০১৯, ১২:৩৫ পিএম

প্রতিভাবান গীতিকবি সোমেশ্বর অলির লেখা দশটি গান প্রকাশ হতে যাচ্ছে ঈদুল ফিতরে।

যার অর্ধেক প্রকাশ হবে সিঙ্গেল আকারে। এ ছাড়া তিনটি গান থাকছে মিজানুর রহমান আরিয়ানের পৃথক পৃথক নাটক-টেলিছবিতে। একটি থাকছে বি বিউ শুভর নাটকে। আরেকটি থাকছে ভিকি জাহেদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবিতে।

গানগুলোতে সুর করেছেন এই সময়ের জনপ্রিয় সুরকার ও সংগীতায়োজকেরা। কণ্ঠ দিয়েছেন কাঙালিনী সুফিয়া, পথিক নবী, পিন্টু ঘোষ, মিনার রহমান থেকে শুরু করে মাহতিম সাকিবের মতো হালের গায়কেরা। প্রকাশ হচ্ছে নামি ব্যানারের আয়োজনে।

সম্প্রতি দশটি গানের তালিকা প্রকাশ করেছেন অলি। জানান, মিউজিক ভিডিও আকারে আসবে- কাঙালিনী সুফিয়া, কনা ও মার্সেলের ‘প্রেমিক বাঙাল’, পথিক নবীর ‘জোড়া শালিক’, এফ এ সুমনের ‘ফতুর’, শেখ সাদীর ‘নেই হয়ে আছো’ এবং ইভান শেখের ‘এখন তুমি’।

টিভি ও ওয়েব ফিকশনে ব্যবহৃত গানগুলো হলো- তাহসানের ‘ডানা নেই’ (ছায়া), পিন্টু ঘোষ ‘তোমার মুখ’ (২২শে এপ্রিল), মিনার রহমানের ‘হৃদয়ের ডাক’ (দেখা হবে কি?), মাহতিম সাকিবের ‘রক্তগোলাপ’ (প্রস্থান) এবং তামিম মৃধার ‘আমার আকাশ’ (শেষটা সুন্দর)।

গানগুলোর সুর-সংগীতায়োজনে আছেন রাজন সাহা, বেলাল খান, সাজিদ সরকার, আহম্মেদ হুমায়ুন, লুৎফর হাসান, তাহসিন আহমেদ, আভ্রাল সাহির ও মার্সেল।

ঈদের গান নিয়ে অলি বলেন, ‌“কিছু গান আগেই আসার কথা ছিলো। নানা কারণে ঈদে এসে ঠেকেছে। এ কারণে আমার তালিকা একটু বড় দেখাচ্ছে। তবে এক ঈদে সব মিলিয়ে যদি তিন শতাধিক নতুন গান বাজারে আসে, সেই তুলনায় দশ খুবই নগণ্য সংখ্যা। নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও আমি চেষ্টা করেছি আমার সেরা লেখাটা উপহার দেওয়ার জন্য। বাকিটা শ্রোতারা বিচার করবেন।”

লুৎফর হাসানের গাওয়া ‌'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' গান দিয়ে আলোচনায় আসেন সোমেশ্বর অলি। এরপর আরও কিছু শ্রোতাপ্রিয় ও প্রশংসিত গান উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে আছে- ‌‌আমি না থাকিলে সংসারে, ‌আমি কোনো মুখোশ পরিনি, ‌বুকের বাঁ পাশে, ‌আমার আকাশ পুরোটাই, ‌ভেজা ভেজা চোখ, একটাই তুমি, ‌ছাতার কারিগর, দোযখে যাবি রে তুই মন, জোছনা,  ‌শূন্য থেকে আসে প্রেম, আয়না দিয়ে ঘর বেঁধেছি, ‌খরচাপাতির গান, আসো মামা হে প্রভৃতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত