ছাত্রলীগ করলে সব সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল: নূর

আপডেট : ২৯ মে ২০১৯, ০২:৩৩ পিএম

ছাত্রলীগ না করায় হামলা করা হচ্ছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর বলেছেন, ছাত্রলীগ করলে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

নুরুল হক নূর বলেন, গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিল ছিল। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ইফতার মাহফিল ভণ্ডুল করা হয়। তখন আমরা রাস্তার পাশে বসে ইফতার করেছি।

তিনি বলেন, পরদিন বগুড়ায় আমাদের ইফতার মাহফিল ছিল। সেখানে যাওয়ার আগে আমি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছিলাম। আমরা পুলিশকে জানিয়ে ছিলাম নিরাপত্তা নিয়ে আমরা কিছুটা শঙ্কিত। কিন্তু তারা বলেছে, তারা নিরাপত্তা সহযোগিতা করতে পারবে না।

ডাকসু ভিপি বলেন, এরপর আমরা জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা আমাদেরকে যাওয়ার অনুমতি দেন। অথচ তারা আমাদের নিরাপত্তা দিতে পারেননি।

তিনি বলেন, আমরা সেখানে জেলা গ্রন্থাগারের সামনে পৌঁছালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা হয়। তারা জঙ্গি হামলার মতো আমাদের ওপর হামলা করে। একপর্যায়ে আমি পড়ে গেলে আমার সঙ্গে রাতুলসহ অন্যদের রড দিয়ে পেটায় এবং আমার পায়ের ইট দিয়ে আঘাত করে।

নুরুল হক নূর বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র রমজানে হামলা করে তারা প্রমাণ করছে তারা সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে।

তিনি বলেন, ছাত্রলীগের কার্যক্রম সাম্প্রতিককালের জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে সাদৃশ্য মনে হচ্ছে আমাদের। কিছুদিন আগেও তারা বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পয়লা বৈশাখে অগ্নিসংযোগ করেছে। তারা এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গিদের কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে।

ডাকসু ভিপি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি আমরা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদককে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছি। তারা বলেছেন ব্যবস্থা নেবেন। অথচ পরদিনও বগুড়াতে কী ধরনের ঘটনা ঘটেছে!

তিনি অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমাদের মনে হচ্ছে এগুলো পরিকল্পিত একটি ঘটনা। আমাকে হত্যা করার উদ্দেশ্যে ছাত্রলীগ সন্ত্রাসীদের মাধ্যমে পরিকল্পিতভাবে হামলাগুলো করাচ্ছে।

ডাকসু সভাপতি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর পক্ষ থেকে আমাকে এক নম্বর সহ-সভাপতি অথবা এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক করার অফার করা হয়েছিল। বিভিন্ন মাধ্যমে তারা সব সময় আমাকে বলেছিল।

“তারা বলেছিল যে, ছাত্রলীগের রাজনীতি করলে আমাকে সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে, যেন অন্য রাজনীতি না করি অন্যদিকে না যাই। আমি তাদের সঙ্গে যাইনি বলে তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালাচ্ছে” অভিযোগ করেন তিনি।

নুরুল হক নূর বলেন, “আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, জীবন নিয়ে শঙ্কিত। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই- ছাত্রলীগের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, তিনি যেন তাদের বিচারের আওতায় আনেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত