নুসরাত হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতার মুক্তি দাবি

আপডেট : ২৯ মে ২০১৯, ১০:৫৫ পিএম

সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের মুক্তি চাইলেন দলীয় নেতারা।

রুহুল আমিনকে নুসরাত হত্যা মামলায় গ্রেপ্তারের পর প্রথমবারের মতো প্রকাশ্যে তার মুক্তি দাবি করলেন আওয়ামী লীগ নেতারা।

সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তারা এই দাবি করেন।

ইফতার মাহফিলে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে দাবী করে সোনাগাজী পৌরসভার কাউন্সিলর নুরনবী লিটন বলেন, ‘নুসরাত হত্যায় রুহুল আমিনের কী অপরাধ সোনাগাজীবাসী জানতে চায়? ছয় সেকেন্ড কথা বলার অপরাধে রুহুল আমিন যদি গ্রেপ্তার হয়, তবে যারা অনেকবার কথা বলেছে তারা কেন আইনের আওতায় আসবে না?’

‘ছয় সেকেন্ডে রুহুল আমিন কী কথা বলেছে সেটা জানার অধিকার আমাদের রয়েছে।‘ 

আওয়ামী লীগ নেতারা আরো বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে আঁতাত করে দলের একটি গ্রুপ তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে।

রুহুল আমিনকে নির্দোষ আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে রুহুল আমিনকে অব্যাহতি দিতে তদন্ত কর্মকর্তার প্রতি আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটুর সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন আরিফ ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রবিউজ্জামান বাবু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর নুরনবী লিটন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ও সোনাগাজী ইউনিয়নের মেম্বার আবদুস সালাম খোকন প্রমুখ। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুপম শর্মা, বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু, চরদরবেশ ইউনিয়ন যুবলীগ সভাপতি গোলাম সারওয়ার দুলাল, মঙ্গলকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক শিমুল মেম্বার, যুবলীগ নেতা জাফর মেম্বার ও আবদুল হালিম সোহেল প্রমুখ।

অবশ্য এতে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ বেশিরভাগ নেতাকর্মী অংশ নেননি।

রফিকুল ইসলাম খোকন বলেছেন, উপজেলা আওয়ামী লীগের সঙ্গে এ ইফতার মাহফিলের কোনো সম্পর্ক নেই।

রুহুল আমিনের কারামুক্তি ও দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।

ইফতার মাহফিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সহস্রধিক নেতাকর্মী অংশগ্রহন নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত