জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির বেশ ভালোই বিপাকে পড়েছেন। চব্বিশ বছরের সুন্দরী মেয়ে খুঁজতে হচ্ছে তাকে। তার এই বিপাকের কারণ তিনি বিয়ে নিয়ে জটিলতায় পড়েছেন।কি এমন ঘটল যে বিয়ে নিয়ে জটিলতায় পড়তে হলো মিশুকে।
মিশু সাব্বির জানালেন, তিনি আসলে একজন কুসংস্কারাচ্ছন্ন ছেলে। জ্যোতিষী তাকে পরামর্শ দিয়েছে চব্বিশ বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে। কিন্তু মিশু তেমন মেয়ের সন্ধান পাচ্ছেন না।
যারা ভাবছেন মিশু সাব্বির তো বিবাহিত তাকে আবার বিয়ে করতে হবে কেন? প্রশ্নের জবাবে এই অভিনেতা জানান, এটি আসলে নাটকের গল্প। ‘বিয়ে বিষয়ক জটিলতা’ নামের এক নাটকে তাকে এমন চরিত্রে দেখা যাবে।
গল্পে দেখা যাবে, কুসংস্কারাচ্ছন্ন এক ছেলেকে জ্যোতিষী পরামর্শ দিবে চব্বিশ বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে। কিন্তু ছেলে তেমন মেয়ের সন্ধান পায় না। এদিকে পরিবারের চাপে ওই ছেলে শর্ত সাপেক্ষে বিয়ে করে। কিন্তু বাসর রাতেই সে তার বউকে জানায় চব্বিশ বছরের সুন্দরী মেয়ে পেলে আবার বিয়ে করবে। এভাবে নানা জটিলতায় সংসার চলতে থাকে। একসময় সে সুন্দরী মেয়ের সন্ধান পায়। কিন্তু তত দিনে সে তার বউয়ের প্রেমে পড়ে যায়। যে কারণে আর নতুন করে বিয়ে করা হয় না। কুসংস্কারের বিষয়টি সে বুঝতে পেরে জ্যোতিষীকে শাসিয়ে আসে।
ইশতিয়াক আহমেদের গল্প ও নির্দেশনায় ‘বিয়ে বিষয়ক জটিলতা’ নাটকটি প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। এতে অভিনয় করেছেন-কচি খন্দকার, মিশু সাব্বির ও নিশাত প্রিয়মসহ অনেকে।
প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, ‘সামাজিক কুসংস্কারের প্রভাব এবং বাস্তবতা এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে এটি ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে।
