হুংকারটা মাঠেই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে দলটি। ম্যাচের পর মুখেও হুংকার ছাড়ল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মতো প্রতি ম্যাচেই আক্রমণাত্মক খেলার ঘোষণা দিলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।
শুক্রবার নটিংহ্যামে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ক্যারিবীয় বোলিং তোপে পড়ে পাকিস্তান। ওশানে থমাস ও জেসন হোল্ডারে ২১.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০৫ রানেই। জবাবে ১৩.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
থমাস সর্বাধিক ৪টি ও হোল্ডার ৩ উইকেট নেন। জোড়া উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। ক্যারিবীয় বোলিং তোপে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। অথচ সরফরাজ আহমেদও ম্যাচ শেষে বলেছেন ব্যাটিং ট্র্যাক উইকেটই ছিল এদিন।
দারুণ জয়ে বিশ্বকাপ শুরুর পর হোল্ডার সাংবাদিকদের বলেন, ‘‘আমি বলব আমাদের খেলার ধরন ছিল আক্রমণাত্মক। আমরা যখনই প্রতিপক্ষের মুখোমুখি হব শুধু আক্রমণাত্মক হয়েই খেলতে চাই। শুধু উইকেট বাছাই করার জন্য আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’’
ইংল্যান্ড বিশ্বকাপ হবে ব্যাটসম্যানদের, এমনটাই বলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সেখানে ভিন্ন বার্তাই দিল। হোল্ডার সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিপক্ষ দলগুলোকে সতর্ক করে দিলেন, ‘‘মডার্ন ক্রিকেটে আপনি যদি ইনিংসের পুরো উইকেট তুলে নিতে না পারেন, তবে আপনি প্রতিপক্ষের সামনে ভুগবেন। তাই আমরা আক্রমণাত্মক হতে চাই।’’
তবে ট্রফি জয়ের বিষয়ে এখনই সরাসরি কিছু বলতে চান না হোল্ডার। এগোতে চান ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে, ‘‘দেখুন, আমি এখনই অতটা সামনে তাকাতে চাই না। আমাদের পরের ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমি ছেলেদের বলেছি, আমরা এখানে দীর্ঘ একটা টুর্নামেন্ট খেলতে এসেছি। ম্যাচ বাই ম্যাচ খেলাটাই আমাদের কাছে আসল বিষয়।’’
