বাংলাদেশের এক্স-ফ্যাক্টর ‘লুকিয়ে রেখেছেন’ ওয়ালশ

আপডেট : ০১ জুন ২০১৯, ০৮:৫৯ এএম

এবারের হবে বিশ্বকাপে কে হবে বাংলাদেশ দলের তুরুপের তাস। এ নিয়ে স্পষ্ট কিছু বলতে চাইলেন না বোলিং কোচ ওয়ালশ। শুধু এইটুকুই জানালেন, বাংলাদেশ দলের এক্স-ফ্যাক্টর এক গোপন অস্ত্র। এই নিয়ে প্রতিপক্ষকে কিছু জানানো যাবে না

শুক্রবার দলের অনুশীলন শেষে এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের পেস কিংবদন্তি ওয়ালশ বলেন, “ওটা তো আমাদের গোপন অস্ত্র। প্রতিপক্ষকে আমরা জানতে দিতে চাই না। জেনে গেলে ওকে টার্গেট করা শুরু করবে।”

বিশ্বকাপে এবার সর্বকালের সেরা পেয়েছে বাংলাদেশ। তুমুল ফর্মে আছেন ব্যাটসম্যান, বোলাররা। শিষ্যদের প্রতি অগাধ আস্থা ওয়ালশের, “আমরা কিছু খেলোয়াড় পেয়েছি যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এটি নির্ভর করছে নির্দিষ্ট দিন আর নির্দিষ্ট কন্ডিশনের ওপর।”

“আমরা সম্প্রতি অনেক ম্যাচ খেলেছি। দলের সবাই কমবেশি আত্মবিশ্বাসী। এটা বিশ্বকাপ, অনেক বড় মঞ্চ। এখানে সবাইকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।”

বিশ্ব মঞ্চে খেলতে দলের সবাই মানসিকভাবে প্রস্তুত আছে বলেও জানালেন ওয়ালশ। দলে প্রতিটা পজিশনে একাধিক অপশন থাকার ব্যাপারটাকে খুব ভালো দিক হিসেবে নিচ্ছেন তিনি।

“ছেলেরা সবাই মানসিকভাবে প্রস্তুত আছে। আমাদের জন্য ভালো দিক হচ্ছে, আমাদের সামনে অনেক অপশন আছে। সত্যি কথা বলতে বোলারদের নিয়ে আমি সন্তুষ্ট। তারা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।”

কেনিংটন ওভালে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ লড়াই শুরু হবে বাংলাদেশের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত