স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন বিজেপি সভাপতি

আপডেট : ০১ জুন ২০১৯, ০২:৫০ পিএম

নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় স্বরাষ্ট্র দপ্তর দেখতেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবার প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় মেয়াদে এসে নিজের দীর্ঘদিনের সঙ্গীকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে এলেন তিনি। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন অমিত।

দুই দিন আগেই শপথ নিয়েছে ভারতের নতুন মন্ত্রিসভা। সেখানে মোদি ও রাজনাথ সিংয়ের পরেই শপথ নেন অমিত। তখনই মনে করা হয়েছিল গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয় পেতে চলেছেন বিজেপি সভাপতি। শুক্রবার দায়িত্ব বণ্টনের পর দেখা যায় অমিতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, নীল জ্যাকেট ও সাদা কুর্তা পরিহিত অমিত শনিবার দুপুরে নর্থ ব্লকে প্রবেশ করেন। নিজের অফিসে গিয়ে কার্যভার বুঝে নেন। তাকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গুবা। 

আগের ৫ বছর এ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন বিজেপির সাবেক সভাপতি রাজনাথ সিং। এবার তাকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে আগের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ হয়েছেন অর্থমন্ত্রী। শারীরিক কারণে গত মন্ত্রিসভার অর্থমন্ত্রী অরুণ জেটলি এবার কোনো দায়ভার নিতে চাননি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরিচিতরা জানেন অমিত কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে দুইবার ভাবেন না। তার এই মানসিকতাই এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে প্রতিফলিত হতে চলেছে বলে কূটনীতিকদের একটা বড় অংশ মনে করছে।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলোর সম্পর্ক কী হতে চলেছে তা নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন গুজরাটের গান্ধীনগর এই সাংসদ। খুব স্বাভাবিকভাবেই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই তার কাছে সবচেয়ে গুরুদায়িত্ব হতে চলেছে।

তা ছাড়া দেশটির নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে এক বছর ধরেই বিতর্ক চলছে। নির্বাচনী প্রচার সভায় বারবার অমিত ও মোদি বলেছেন অবৈধভাবে যারা ভারতে বসবাস করছে তাদের বিতাড়িত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত