বগুড়ায় ঈদের ছুটি কাটাতে বাড়ি এসে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে নাঈম হোসেন (১৮) নামের এক যুবক। নিহত নাঈম দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের ওমর ফারুকের ছেলে। শনিবার বেলা ১২টার দিকে গ্রামের পাশের ধানক্ষেত থেকে পুলিশ নাঈমের লাশ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, নাঈম ঢাকায় দোকান শ্রমিকের কাজ করতো। ঈদের ছুটি কাটাতে গত বৃহস্পতিবার সে বাড়িতে আসে। শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাঈম। অনেক রাতেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায় শনিবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে নাঈমের লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন তার পরিবারকে জানায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার পরিবার বা এলাকার কেউ এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি, তবে তথ্যানুসন্ধান চলছে বলে জানান ওসি।
