স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কয়েকটি রাজনৈতিক দল দেশে এক হাজার ৭০০ শত দিন হরতাল পালন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির (বিডিপি) চেয়ারম্যান সামছুল আলম চৌধুরী।
শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিডিপি আয়োজিত ‘দেশের রাজনৈতিক সংকট নিরসনে ফর্মুলা: জাতীয় ঐক্যের রূপরেখা’ শীর্ষক এক মতবিনিয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামছুল আলম চৌধুরী বলেন, তারা ক্ষমতায় থাকতে যেমন লুটপাট করেছেন, আবার ক্ষমতা ছাড়লে খুন ও গুমের শিকার হয়েছেন। যদি প্রশ্ন করি, ৩০ ডিসেম্বর ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ হারলে কে জিততো বিএনপি? বিএনপির শাসন কি আমরা দেখিনি? এই বিএনপিকে সরিয়ে আমরা আওয়ামী লীগকে কি ক্ষমতায় বসাইনি?
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যারাই নতুন দল গঠন করে রাজনীতির মাঠে আসছেন তারাই আবার জোটের লেবাস পরে এই দুই দলে যোগ দিচ্ছেন কারণ দেশের রাজনীতির সিস্টেম হয়ে গেছে দ্বি-দলীয় ও পরিবারতান্ত্রিক।
দল বা জোটে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিডিপি ফর্মুলা নামে ছয় দফার একটি ফর্মুলা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
দফাগুলো হলো, দলের সভাপতি মেয়াদ হবে দুই বারে পাঁচ বছর, একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুই পদে থাকতে পারবে না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, দলের একাধিক নেতা প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি পদের জন্য আমেরিকান পদ্ধতিতে মনোনয়ন চাইতে পারবেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য ১ শতাংশ ভোটের সম্মতি স্বাক্ষর প্রয়োজন পড়বে না, যেকোনো নাগরিক যেকোনো সময় যেকোনো দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।
মতবিনিময়ে অংশ নেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব শওকত আমিন প্রমুখ।
