বড় জয়ে শুরু নিউজিল্যান্ডের

আপডেট : ০১ জুন ২০১৯, ০৭:৫৯ পিএম

নিউজিল্যান্ডের দুই গতিময় বোলার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি আগুন ঝরালেন। এই দুই বোলারের তোপে বিশ্বকাপে কিউইদের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কার। ছোট্ট লক্ষ্যটা এর পর কিউই ব্যাটাররা পেরিয়ে গেল সহজেই। বোলিং-ব্যাটিংয়ে দাপট দেখিয়ে বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করল গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।

শনিবার কার্ডিফে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে কিউইরা। টস হেরে আগে ব্যাট করে ২৯.২ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। জবাব দিতে নেমে দুই ওপেনার মার্টিন গুপটিল ও কলিন মুনরো ১৫.৩ ওভারে দলের জয় নিশ্চিত করেছেন।

ছোট্ট লক্ষ্য। গুপটিল ও মুনরো ছিলেন একেবারেই নির্ভার। লঙ্কান বোলাররা কোনো পরীক্ষাই নিতে পারলেন না তাদের। গুপটিল ৬৩ রানে অপরাজিত ছিলেন। ৪৭ বলের ইনিংসে ৬টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ২টি ছক্কা। মুনরো ৫৭ রান করেন ৪৬ বলে। ৬টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছয়।

শ্রীলঙ্কার ইনিংসে একা লড়াই করেছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ওপেন করতে নেমে ৫২ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। কিন্তু অন্য প্রান্তে ছিল ব্যর্থতার মিছিল। তাই ব্যাটিং ভরাডুবিতে শুরু তাদের বিশ্বকাপ মিশন।

ইনিংসের দ্বিতীয় বলেই এদিন লাহিরু থিরিমান্নেকে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। অবশ্য কুশল পেরেরাকে নিয়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন করুনারত্নে। এর মধ্যেই নবম ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে সব এলোমেলো করে দেন হেনরি। ২৯ রান করা কুশল পেরেরাকে ফেরানোর পরের বলেই শূন্য রানে ফিরিয়ে দেন কুশল মেন্ডিসকেও।

এরপর ফার্গুসনের জোড়া আঘাত। ফিরিয়ে দেন ধনঞ্জয়া ডি সিলভা (৪) ও জীবন মেন্ডিসকে (১)। মাঝে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম। তাতে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ছন্নছাড়া হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন।

আট নম্বরে নেমে থিসারা পেরেরা করুনারত্নের সঙ্গে ভালো জুটি গড়েন। সেই জুটিতে এক শ পেরোয় লঙ্কানরা। কিন্তু দলীয় ১১২ রানে মিচেল স্যান্টনারের বলে ফেরেন পেরেরা। ২৩ বলে ২ ছক্কায় ২৭ রান করেন তিনি। এরপর ট্রেন্ট বোল্ট ও ফার্গুসনের আঘাতে দ্রুতই গুটিয়ে গেছে ১৯৯৬ এর চ্যাম্পিয়নরা।

কিউইদের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। ১টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, জেমস নিশাম ও মিচেল স্যান্টনার।

শুরুতেই তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন ম্যাট হেনরি। ম্যাচসেরার পুরস্কারও তাই হাতে ওঠে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত