মমতার ঠিকানায় ‘জয় শ্রী রাম’ লেখা ১০ লাখ পোস্টকার্ড

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:৪২ পিএম

লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে ধর্মের কার্ড খেলেছিল বিজেপি। অস্ত্রটি ছিল ‘জয় শ্রী রাম’। ওই যাত্রায় সফল হয়েছিল হিন্দুত্ববাদী দলটি।

তবে এই স্লোগান দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘উত্ত্যক্ত করা’ এখনই থামাচ্ছে না বিজেপি। মমতাকে ‘হিন্দু-বিরোধী’ প্রমাণে একের এক নতুন কৌশলে এই স্লোগান ব্যবহার করছে দলটির নেতারা।

এই সময় জানায়, লোকসভার বারাকপুর আসনে বিজেপির সাংসদ অর্জুন সিং ‘জয় শ্রী রাম’ লেখা ১০ লাখ চিঠি মমতার ঠিকানায় পাঠানোর ঘোষণা দেন। আর এখন শুরু হয়েছে সেই কর্মসূচি বাস্তবায়ন।

প্রসঙ্গত, ভোটের মাঝে চন্দ্রকোণার পর বৃহস্পতিবার নৈহাটি যাওয়ার পথে ভাটপাড়াতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরের সামনে ‘জয় শ্রী রাম স্লোগান’ দেওয়া হয়। এঘটনায় গ্রেপ্তারও হন কয়েকজন।

সামনে রাজ্যসভা নির্বাচন ঘিরেও বিজেপি এখন সেই বিষয়টাকেই হাতিয়ার করতে চাইছে। এজন্যই মমতার ঠিকানায় ১০ লাখ পোস্টকার্ড লেখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তবে শুধু তৃণমূল নেত্রীর বাড়িতেই নয়, নবান্নেও পাঠানো হবে সেই পোস্টকার্ড। এর দায়িত্বে রয়েছে বিজেপি যুব মোর্চা। অবশ্য শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি ব্লক থেকে এই চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত