বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় মুফতা আক্তার নামে ছয় বছর বয়সী পথচারী এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে মাইক্রোবাসটি পালিয়ে গেছে।
নিহত মুফতা আক্তার ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের মুক্ত শেখের ছেলে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ জানান, মুফতা আক্তারকে তার বাবা মহাসড়কের পাশে একটি সেলুনে চুল কাটাতে নিয়ে যান। সেলুনে ভিড় থাকায় তার বাবা তাকে সেলুনে বসতে বলে বাইরে আসেন। এ সময় মেয়েটি সেলুন থেকে বের হয়ে বাবাকে খুঁজতে বাইরে এসে রাস্তা পার হতে গেলে মোল্লাহাট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
