আতঙ্কিত হবেন না, ঈদ শান্তিপূর্ণ হবে: র‌্যাব ডিজি

আপডেট : ০২ জুন ২০১৯, ১০:২৪ পিএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক বেনজির আহম্মেদ বলেছেন, ‘বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় তিন প্রেক্ষাপটে যে সমস্ত জঙ্গিবাদী ঝুঁকি রয়েছে সেগুলোকে প্রতিনিয়ত আমরা মনিটর করছি। দেশ বাসিকে বলব কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, ইনশা আল্লাহ ঈদ শান্তিপূর্ণ ভাবে হবে।’

রোববার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হলি আর্টিজান অ্যাটাকের পরে জঙ্গিদের রিজমেন্টল করা হয়েছিল (চক্রকে ভেঙে দেওয়া)। ওদের নতুন গ্রুপের আমির সারোয়ার জাহানকে গ্রেপ্তার ও পাঁচ তলা থেকে জাম্প করে নিহত হওয়ার একদিন পরে তাদের ওয়েব সাইট ঘোষণা দিয়ে বন্ধ করে দেয়। তার পরও আমরা বসে ছিলাম না।’

র‌্যাবের ডিজি ঈদের নিরাপত্তা নিয়ে বলেন, আমরা তারাবি, সেহেরী সময়কার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। সারা দেশে যেখানে যেখানে র‌্যাব ফোর্সেস রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে যাতে করে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষিত হয় সে জন্য আমরা বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছি। গুরুত্বপূর্ণ জায়গাতে এপর্যন্ত ১৫টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে লঞ্চ টার্মিনাল, বড় বড় বাস টার্মিনাল, ট্রেন টার্মিনাল, ফেরিঘাট সমূহ।

তিনি বলেন, সদরঘাটের আগের সমস্যা এখন আর নেই। লঞ্চ চলাচল স্মুথ রয়েছে। আবহাওয়ার বৈরী না হলে লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। সিকিউরিটি ফোর্স সর্বক্ষণ দায়িত্ব পালন করছে। আমরা ২৪ ঘণ্টা সড়ক ও নৌ পথ মনিটরিং করছি। রেল রুট মনিটরিং করছি। রেলে কিছু কিছু বিলম্বের খবর আসছে। এর জন্য অবকাঠামোগত সমস্যা রয়েছে। সিঙ্গেল লেন এর কারণে সমস্যা হচ্ছে। আগামীতে এ সকল সমস্যা সমাধান হবে ইনশা আল্লাহ।

তিনি বলেন, এরই মধ্যে কয়েকটি ছোট-খাট দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই না সড়কে কোণ প্রাণ হানি ঘটুক। সড়কে শুধু ড্রাইভারদের দায়িত্ব আছে এমন নয়, যারা সড়ক ব্যবহার করেন তাদের এবং যাত্রীদেরও দায়িত্ব আছে। প্রত্যেকেই আমরা রোডের রুলস মেনে চলব।

ঈদ জামাতের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ঢাকায় প্রায় সাড়ে ৫০০ জাগাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরেও বড় জামাত অনুষ্ঠিত হয়। শোলাকিয়া, দিনাজপুর এগুলোর নিরাপত্তার আওতায় রয়েছে। সব বড় বড় জামাতকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত