বজ্রপাতে খুলনা, পঞ্চগড় ও নড়াইলে ৩ জনের মৃত্যু ও ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার এ ঘটনা ঘটে। খুলনা ও নড়াইলে দুই নারী ও পঞ্চগড়ে এক কৃষি শ্রমিক মারা যান ওই ঘটনায়। জানাচ্ছেন খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক এবং পঞ্চগড় ও নড়াইল জেলা প্রতিনিধিÑ
খুলনা : খুলনার কয়রা উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মাজেদা খাতুন (৪৫) উপজেলার বামিয়া গ্রামের খয়বার সরদারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে দুপুর ২টার দিকে বামিয়া এলাকায়। বাগালী ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার পাড় জানান, মাজেদা ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আকাশ মেঘাচ্ছন্ন দেখে পরিষদের পাশে ১টি নারকেল গাছের তলায় আশ্রয় নেন। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পঞ্চগড় : পঞ্চগড়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই কৃষি শ্রমিক । সকালে পঞ্চগড় সদর উপজেলার ফকিরপাড়ায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার আবুল হোসেন বিশারুর ছেলে। আহতরা হলেন ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে আরিফুজ্জামান (২৬) ও ময়জুদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৬)।
স্থানীয়রা জানান, সকালে আশরাফুল ইসলাম সহকর্মীদের সঙ্গে স্থানীয় এক কৃষকের ধান কেটে তা বাঁকে করে বাড়ি পৌঁছে দিচ্ছেলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নিহত হন আশরাফুল ইসলাম। কামাতকাজলদিঘি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী বজ্রপাতে একজনের মৃত্যু ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইল : নড়াইলে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে নড়াইল পৌরসভার ডুমুরতলায় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত কুলসুম বেগম (৪৫) ডুমুরতলা গ্রামের আলম মোল্যার স্ত্রী। তার পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির পাশে গরু আনতে যান কুলসুম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় পৌর কাউন্সিলর রজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
