রূপগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে চালকসহ নিহত ৩

আপডেট : ০৪ জুন ২০১৯, ০১:১১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানাধীন শুম্বপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩২), একই জেলার বাজিতপুর থানাধীন পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম (৩৪)। নিহত অপরজন লেগুনাচালক। তার পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আবদুস সামাদ জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে যাত্রীবাহী লেগুনা যাত্রী নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় কাগামী অগ্রদুত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিনা বেগম, আছমা বেগম ও লেগুনাচালক মারা যান।

আহতদের স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান এসআই আব্দুস সামাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত