প্রতিপক্ষ যেই হোক, তাদের ওপরে রেখে নিজেদের ছোট ভাবতে নারাজ সৌম্য সরকার।
বুধবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে দলের প্রতিনিধি হয়ে কথা বলেন সৌম্য।
এ সময় এই ওপেনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘‘খেলতে নেমে কাউকে ওপরে রেখে নিচু হয়ে নামা যাবে না। মাঠে নামব জেতার জন্য। শতভাগ দিয়ে নামতে হবে, যেন জিততে পারি। সে প্রতিপক্ষ অপরিচিত আর পরিচিত হোক।’’
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি হবে ওভালে। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ইংল্যান্ডের মাটিতেই দুই বছর আগে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এসেছিল সেই জয়। বিশ্বকাপেও কিউইদের হারাতে প্রত্যয়ী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করা টাইগাররা।
নিউজিল্যান্ডও অবশ্য আসর শুরু করেছে বড় জয় দিয়ে। শ্রীলঙ্কাকে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে হারায় তারা। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক ফার্মও তাদের পক্ষে। কিছুদিন আগেই নিজেদের মাটিতে বাংলাদেশকে ৩-০তে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।
তবে সৌম্য সেই সিরিজের সঙ্গে বিশ্বকাপকে মেলাতে রাজি নন, ‘‘ওদের মাটিতে যেটা খেলে এসেছি, ওটা ছিল ওদের কন্ডিশনে। আর এটা ভিন্ন মাঠ, ভিন্ন কন্ডিশন। যত ভালো দল হোক, অন্য মাঠে খেলতে গেলে সবার সেটা কঠিন মনে হবে। দিন শেষে যারা ভালো খেলবে ম্যাচের ফল তাদের পক্ষে যাবে।’’
