শুভেচ্ছা বিনিময়ে গিয়ে হামলার শিকার আ.লীগ নেতা

আপডেট : ০৭ জুন ২০১৯, ১১:৫২ পিএম

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম সরকারের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন জানান, আলম সরকার ও তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালাইগোবিন্দপুর গ্রামের শিকদার বাড়িতে সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান। গত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পারভেজ হোসেন সরকারের বিপক্ষে এবং নৌকা মার্কার পক্ষে কাজ করায় আলম সরকারের ওপর হামলা চালান পারভেজের লোকজন। এ সময় তিনি ফোনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়াকে ঘটনা জানান। পরে পুলিশ নিয়ে মহসিন ভূঁইয়া আহত আলম সরকারকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে পারভেজ হোসেন সরকার বলেন, ‘আমার বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। আমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে যাওয়ার সময় কে বা কারা হামলা করেছে আমি জানি না। তারা দৌড়ে আমার বাড়িতে এলে আমার লোকজন তাদের নিরাপত্তা দেয়।’

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত