জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবি মানে হচ্ছে রাজাকার, জামায়াত ও জঙ্গি পুনর্বাসন প্রকল্প এবং গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক’ প্রসঙ্গে গতকাল শুক্রবার নোয়াখালীতে এক সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
ড. কামালকে উদ্দেশ করে ইনু আরও বলেন, ‘বাংলাদেশের দুর্ভাগ্য এ দেশের উকিল, মোক্তার এবং কতিপয় নামকরা ব্যারিস্টার সাহেবেরা, তারা প্রমাণিত দুর্নীতিবাজকে মুক্ত করার জন্যে আন্দোলনের হুমকি দেন। আমি পরামর্শ দেব আদালতের বারান্দায় লড়াই করেন। দুর্নীতিবাজের পক্ষে ওকালতি করবেন না। এতে গণতান্ত্রিক রাজনীতি দূষিত হয়। সুতরাং এই দূষণ থেকে গণতান্ত্রিক রাজনীতিকে রক্ষা করতে হবে।’
