মেসি-মার্তিনেসের জোড়া গোলে আর্জেন্টিনার বিশাল জয়

আপডেট : ০৮ জুন ২০১৯, ০১:১৫ পিএম

প্রথমার্ধেই জোড়া গোল করলেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে তার দেখানো পথ মাড়ালেন তরুণ স্ট্রাইকার লতারো মার্তিনেস। তাতে নিকারাগুয়াকে উড়িয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারলো আর্জেন্টিনা।

শনিবার বাংলাদেশ সময় সকালে সানজুয়ানে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫-১ গোলের জয় পায় আর্জেন্টিনা। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক মেসি। বিরতির পর জোড়া গোল করেন মার্তিনেস। শেষ দিকে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকেন মিডফিল্ডার রবের্তো পেরেইরা।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। কিন্তু গোল পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় তাদের। ৩৭তম মিনিটে জিওভানি লো সেলসোর পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন মেসি। পরের মিনিটেই গোল পোস্টের খুব কাছে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

বিরতির পরও আক্রমণ ধরে রাখে আর্জেন্টিনা। কিন্তু নিকারাগুয়ার জমাট রক্ষণ ফের বাধা হয়ে দাঁড়ায় লিওনেল স্কালোনির দলের সামনে। এর মধ্যে জ্বলে ওঠেন সের্হিও আগুয়েরোর বদলে মাঠে নামা মার্তিনেস। ৬৩ তম মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন ইন্টার মিলানের এই খেলোয়াড়। নিকোলাস ওতামেন্দির কর্নার শটে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। দশ মিনিট পর নিজের ও দলের চতুর্থ গোলটি করেন মার্তিনেস। এবারো কর্নার থেকে বল পেয়ে জালের দেখা পান ২১ বছর বয়সী এই খেলোয়াড়।

৮১তম মিনিটে দলকে শেষ গোলটি এনে দেন পেরেইরা। রদ্রিগো দি পলের পাসে খুব কাছ থেকে গোলটি করেন ওয়াটফোর্ডের এই মিডফিল্ডার। পেনাল্টি থেকে যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোলটি পায় নিকারাগুয়া।

১৪ জুন ব্রাজিলে উঠছে ৪৬তম কোপা আমেরিকার আসর। পরের দিন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও অতিথি কাতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত