রয়ের ধাক্কায় মাঠে লুটিয়ে পড়লেন আম্পায়ার

আপডেট : ০৮ জুন ২০১৯, ০৬:০৬ পিএম

ভাগ্যিস মারাত্মক কিছু হয়নি ওয়েস্ট ইন্ডিজ আম্পায়ার জোয়েল উইলসনের! আচমকা জেসন রয়ের ধাক্কা খেয়ে যেভাবে মাঠে লুটিয়ে পড়লেন, তাতে ভয়ই ধরেছিল সবার মনে।

শনিবার কার্ডিফে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ঘটেছে এমনটা। রানের জন্য দৌড়াচ্ছিলেন জেসন রয়। বলের ওপর নজর রেখে দৌড়াচ্ছিলেন। কখন নন-স্ট্রাইকিং প্রান্তে পৌঁছে গেছেন নিজেও টের পাননি।

ওদিকে বাংলাদেশি ফিল্ডারদের মিস ফিল্ডিংয়ের বদৌলতে বাউন্ডারি হয়ে যায়। রয়ের পূরণ হয় সেঞ্চুরি। দৌড় থামিয়ে নিজেকে স্থির করতে করতেই আম্পায়ার উইলসন তার সামনে চলে আসেন। ঘটে দুজনের মধ্যে সংঘর্ষ।

উইলসন তো মাঠেই লুটে পড়লেন। এমন ঘটনায় লজ্জিত রয় দু-বাহু বাড়িয়ে আলিঙ্গন করলেন উইলসনকে। নিজেই টেনে তুললেন আম্পায়ারকে।

২৭তম ওভারটিতে বোলার ছিলেন মোস্তাফিজুর রহমান। তার শর্ট বলটা পুল করেছিলেন জেসন রয়।

আম্পায়ারের সঙ্গে সংঘর্ষে রয়ের নবম সেঞ্চুরি উদ্‌যাপনটা ব্যতিক্রম হয়ে থাকল। সতীর্থরা তার সেঞ্চুরি উদ্‌যাপন জন্য তৈরি ছিলেন ড্রেসিংরুমে। কিন্তু আম্পায়ারের সঙ্গে রয়ের ওভাবে লেগে যাওয়ায়, তারাও বেশ মজা পেলেন। বেন স্টোকস, ইয়ান মরগানরা তো রয়ের সেঞ্চুরি উদ্‌যাপন বাদ দিয়ে মাথায় হাত দিয়ে বসলেন। একী হলো!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত