সিঙ্গুরের কৃষক আন্দোলন মমতার ভুল সিদ্ধান্ত: মুকুল রায়

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৩:৪১ পিএম

সিঙ্গুরের সাড়া জাগানো কৃষক আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভুল সিদ্ধান্ত' বলে মন্তব্য করেছেন মুকুল রায়। ওই আন্দোলনের সময় ‘দিদি'র ঘনিষ্ঠ থাকলেও সময়ের পালাবদলে আজ তিনিই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতা।

শনিবার বিজেপি নেতা মুকুল সিঙ্গুরের কৃষক আন্দোলন প্রসঙ্গে এ মন্তব্য করে বলেন, তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ওই আন্দোলন তৃণমূলকে ক্ষমতায় আনলেও তা রাজ্যে শিল্প ও কৃষির জন্য সহায়ক হয় নি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বিজেপির কৃষক শাখা বা কিষাণ মোর্চা শীঘ্রই সিঙ্গুরে একটি গণ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে।

বিজেপির নেতা মুকুল রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন মস্ত বড় ভুল সিদ্ধান্ত ছিল এবং সম্পূর্ণরূপেই তা ভ্রান্ত ছিল। এর ফলে ওখানে না তো শিল্প হল, না তো কৃষি! কৃষকরা এখন ওখানে ভুক্তভোগী। ওই জমি আর কৃষির উদ্দেশ্যে ব্যবহার করা যাচ্ছে না। আমি তখন তৃণমূলেরই অংশ ছিলাম। কিন্তু আমি মনে করি আন্দোলনটা ভুল ছিল!”

মুকুল রায়ের এই মন্তব্যর প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেতৃত্ব অবশ্য তাঁকে নিপাট ‘সুবিধাবাদী' হিসেবে উল্লেখ করেছে।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এখন তিনি (মুকুল রায়) মনে করছেন আন্দোলন করাটা ভুল ছিল। পুরোটাই আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য। তিনি একজন সুবিধাবাদী, কৃষকদের ঐতিহাসিক ভূমি অধিগ্রহণ আন্দোলনকে তিনি অপমান করার চেষ্টা করছেন।”

প্রসঙ্গত ২০০৬ ও ২০০৭ সালে সিঙ্গুর ও নন্দীগ্রামের কৃষক আন্দোলন রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করেছিল। তৎকালীন শাসকদল বামফ্রন্টের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ব্যাপক বিক্ষোভ জাগাতে সক্ষম হয়েছিল সেই সময়ের প্রধান বিরোধী দল তৃণমূল। এই আন্দোলনের জেরেই টাটা তাদের ন্যানো তৈরির কারখানা রাজ্যের বাইরে স্থানান্তরিত করতে বাধ্য হয়।

হুগলি লোকসভা কেন্দ্রের অধীনে সিঙ্গুরের এই আন্দোলন রাজ্য রাজনীতির পালাবদল ঘটিয়েছিল। ৩৪ বছর ধরে চলে রাজ্যের বাম শাসন মুখ থুবড়ে পড়ে এই আন্দোলনের জেরে! রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ক্ষমতায় আসে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জী হুগলির কেন্দ্র থেকে জিতেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত