লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে নসিমনের ধাক্কায় মামা ও ভাগিনা নিহত হয়েছেন। রোববার রাতে রামগঞ্জ-ঢাকা মহাসড়কের যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সুমন হোসেন (৩৮) ও মো. তামিম (১৪)।
মো. সুমন হোসেন রামগঞ্জ জিয়াশপিং কমপ্লেক্সের ব্যবসায়ী। তিনি রামগঞ্জের ভূঁইয়া আলী পাঠান বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। ভাগিনা তামিমের বাড়ি চাটখিল উপজেলার শাহাপুর গ্রামে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে মামা ও ভাগিনা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
বালুয়া চৌমুহনী বাজারের অদূরে যুগী বাড়ির সামনে পৌঁছালে রামগঞ্জের সাথী ডেকোরেটরের একটি নসিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সুমন ও তার ভাগিনা তামিম ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
