ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন চার কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
নতুন আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ট্রাফিকের প্রধান মীর রেজাউল আলমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার, অর্থাৎ ট্রাফিক পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া যুগ্ম পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আব্দুর রাজ্জাককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) হিসেবে বদলি করা হয়েছে।
