বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। যে পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার ব্রিস্টলে চলছে অবিরাম বর্ষণ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি এখন পুরোপুরে ভেস্তে যাওয়ার শঙ্কায়। নির্ধারিত সময়ে খেলা শুরু তো দূরে থাক, টসটাও হতে পারেনি।
এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরুর কথা থাকলেও তা হতে পারেনি। উভয় দলই টিম হোটেলেই রয়ে গেছে এখনো। আসলে বৃষ্টির লুকোচুরি খেলা বলছে ব্রিস্টলে। এই থামছে তো ফের আবার শুরু হচ্ছে বৃষ্টি।
স্থানীয় সময় বেলা ১১টা ১৯ মিনিটে হঠাৎ থেমে যায় বৃষ্টি। তাতে মাঠ পরিদর্শনও করতে নামেন আম্পায়াররা। চার মিনিটবাদে আবার বৃষ্টি নামে। স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় আবার মাঠ পরিদর্শনের কথা ছিল।
কিন্তু তখনো বর্ষণ চলছিল। তাই আম্পায়ারদের মাঠ পরিদর্শন পিছিয়ে গেছে। ম্যাচের কাট আউট টাইম স্থানীয় সময় ৪.১৫। তাই এই ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ বলা চলে। কারণ বৃষ্টি থামলে পানি নিষ্কাশনের জন্যও কিছুটা সময় লাগবে।
বৃষ্টির কারণে একই মাঠে পাকিস্তান-শ্রীলঙ্কার সবশেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। খেলা মাঠেই গড়ায়নি সেদিন। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও এমন কিছু ঘটলে সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে যাবে মাশরাফীদের জন্য।
এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে দুটিতে। শ্রীলঙ্কার একটি করে জয় ও পরাজয়ে সঙ্গে পরিত্যক্ত হওয়ার ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে।
